শনিবার ৩০, মে ২০২৬

শনিবার ৩০, মে ২০২৬ -- : -- --

শ্যামনগরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১০:০৭ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে বিএনপি।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। তিনি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধকালীন অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন।

কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সোলায়মান কবীর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবু সাইদ এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহজাহান রণি।

এ সময় শ্যামনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন হাফেজ ইউনুচ আলী।

এদিকে, একই দিন দুপুরে শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা সদরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান।

এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!