শনিবার ৩০, মে ২০২৬

শনিবার ৩০, মে ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে শিবিরের গোশত বিতরণ ও প্রীতিভোজে

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৯:৪৯ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার অসচ্ছল পরিবার, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং আনসার ক্যাম্পে কুরবানীর গোশত উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা।

​ঈদ-উল আজহা আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ক্যাম্পাসে অবস্থানরত মুসলিম শিক্ষার্থীদের জন্য একটি গরু কুরবানি এবং ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসির মাংসের বিশেষ ব্যবস্থা করেছে সংগঠনটি। আজ শুক্রবার (২৯ মে) ঈদের ২য় দিন বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ক্যাফেটেরিয়ায়  শিক্ষার্থীদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

​গোশত বিতরণ ও প্রীতিভোজের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা ঈদের দিনে এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

​এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোবিপ্রবি শাখার উদ্যোগে কুরবানির আয়োজন করা হয়েছে। কুরবানীর মূল শিক্ষাই হলো ত্যাগ এবং পারস্পরিক সহমর্মিতা। ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট কিছু মানুষের মাঝে সীমাবদ্ধ না থাকে, বরং ক্যাম্পাসের চারপাশের অসচ্ছল প্রতিবেশী, বিশ্ববিদ্যালয়ের মেহনতি কর্মচারী এবং নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আনসার ভাইদের মাঝেও ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একই সাথে ক্যাম্পাসে যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে ঈদে বাড়ি যেতে পারেনি, তারা যাতে একাকীত্ব বোধ না করে, সেজন্য আমরা এই প্রীতিভোজের আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে একটি সুন্দর ও বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।’

​আয়োজকরা জানান, ক্যাম্পাসের প্রতিটি স্তরের মানুষের মাঝে ঈদের খুশি পৌঁছে দিতে এবং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। আগামীতেও সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাস সংলগ্ন অসহায় মানুষের কল্যাণে এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!