প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৯:৫২ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩০ মে শনিবার যথাযোগ্য মর্যাদায় এসব কর্মসূচি পালন করা হবে।
শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে গঠিত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এয়াকুব আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কালোব্যাজ ধারণ করে বেলা পৌনে ১২টায় প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে একটি র্যালি বের করা হবে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে। পরে দুপুর ১২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরবর্তীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সমিতি-পরিষদ-ফোরাম, ছাত্র সংগঠন, আবাসিক হল, বিভাগ, অফিস এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়া ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খানের পরিচালনায় এ আয়োজন সম্পন্ন হবে। একইদিন বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সুবিধার্থে ৩০ মে সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে নির্ধারিত রুটে প্রয়োজনীয় সংখ্যক বাস ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে পুনরায় ছেড়ে যাবে।
এদিকে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির পর সুবিধাজনক সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভাসহ আরও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
