বুধবার ২৭, মে ২০২৬

বুধবার ২৭, মে ২০২৬ -- : -- --

৪০ দেশের নাগরিকদের বিনামূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৩:০৪ পিএম

প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

স্বল্পমেয়াদি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা সরকার। দেশটি ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা চালু করেছে। ২০২৬ সালের ২৫ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন ও প্রবাসন বিভাগ।

নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীরা অনলাইনে আবেদন করে ৩০ দিনের পর্যটক ইটিএ বিনা খরচে সংগ্রহ করতে পারবেন।

যেসব দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, তাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

তবে ভিসা ফি মওকুফ করা হলেও শ্রীলঙ্কায় প্রবেশের আগে সব বিদেশি নাগরিকের জন্য ইটিএ নেওয়া বাধ্যতামূলক থাকবে। একই নিয়ম প্রযোজ্য হবে মালদ্বীপ, সিশেলস ও সিঙ্গাপুরের নাগরিকদের ক্ষেত্রেও।

অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ মে ২০২৬-এর আগে যারা ইটিএর জন্য অর্থ পরিশোধ করেছেন, তারা সেই অর্থ ফেরত পাবেন না।

বর্তমান নীতিমালা অনুযায়ী, বিদেশি পর্যটকরা শ্রীলঙ্কায় একটানা সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করতে পারবেন। তবে মালদ্বীপের নাগরিকদের জন্য থাকার মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৯০ দিন। এছাড়া অনুমোদিত ভিসার মেয়াদের মধ্যে দুইবার দেশটিতে প্রবেশের সুযোগও রাখা হয়েছে।

এদিকে, কেউ যদি ৩০ দিনের বেশি সময় থাকতে চান, তাহলে অতিরিক্ত ফি দিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। শ্রীলঙ্কা সরকারের ভাষ্য, পর্যটন শিল্পকে আরও গতিশীল করা এবং আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Link copied!