প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১০:৩০ পিএম
দেশ কোনো ব্যক্তি, পরিবার কিংবা রাজনৈতিক দলের একার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও সৌন্দর্য রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (৩০ মে) বিকেলে রাজধানীর জুরাইনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “দেশ কারও একার না। দেশ যেমন কোনো সরকারের একার না, তেমনি কোনো রাজনৈতিক দল, পরিবার বা ব্যক্তিরও একার না। এই দেশ লাখো-কোটি মানুষের। তাই দেশকে গড়ে তুলতে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।”
নাগরিকদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। এতে শহর যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি পরিচ্ছন্নতা কর্মীদের কাজও সহজ হবে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীরাও মানুষ। তাদের শ্রমের প্রতি সম্মান দেখানো সবার দায়িত্ব। নাগরিকরা যদি সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করেন, তাহলে শহরকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব।
অন্যান্য দেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ তুলে ধরে তারেক রহমান বলেন, উন্নত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়; জনগণেরও সমান দায়িত্ব রয়েছে। সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে নিজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে দেশের সামগ্রিক পরিবেশের উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা রক্ষার জন্য জনপ্রতিনিধি বা সরকারি পদে থাকা প্রয়োজন হয় না। একজন সাধারণ নাগরিকও নিজের দায়িত্ব পালন করে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
দেশকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
