প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১০:০১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমঘটিত বিরোধের জেরে আমেনা খাতুন (৩১) নামে পাঁচ সন্তানের জননী এক বিধবা নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে এ ঘটনা ঘটে। আমেনা খাতুন একই এলাকার মৃত শাহাবুদ্দিনের স্ত্রী। প্রায় চার বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়। তিনি চার ছেলে ও এক মেয়ের জননী। তার বাবার নাম মো. খালেক।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ধরমন্ডল চকবাজার এলাকার কাপড় ব্যবসায়ী মো. জালালের (২০) সঙ্গে দীর্ঘ চার বছর ধরে আমেনা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। জালাল সিদ্দিক আলীর ছেলে। তবে প্রায় এক বছর আগে জালাল পাশের গ্রামের সোনিয়া নামে এক তরুণীকে বিয়ে করলে তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়।
অভিযোগ রয়েছে, শুক্রবার দুপুরে আমেনা খাতুন জালালের বাড়িতে যান। সেখানে ঘরের দরজার সামনে সবজি ক্ষেতে ব্যবহৃত কীটনাশক ‘সাইপারমেথ্রিন ১০ ইসি’ পান করেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে জালালের দুলাভাই শিপন মিয়া ও বোন ফারজানা পারভীন তাকে উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক নারী আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। বিস্তারিত পরে জানানো হবে।’
