প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৮:৫১ এএম
লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়ার ক্রেতা না পাওয়ায় দেড় শতাধিক চামড়া মাটিচাপা দিতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্টরা। পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা ও ন্যায্যমূল্যের অভাবে সংগ্রহ করা এসব চামড়া বিক্রি করা সম্ভব হয়নি। ফলে পচন ও দুর্গন্ধ এড়াতে শেষ পর্যন্ত চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়, যা স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার বশিকপুর ইউনিয়নের রামনগর মাদিনাতুল উলুম দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে মাদরাসার পক্ষ থেকে বিভিন্ন বাড়ি থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়। তবে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়া এবং পাইকারি ক্রেতার সংকটের কারণে চামড়াগুলো বিক্রি করা সম্ভব হয়নি। এতে সংরক্ষণে রাখতে না পেরে দুর্গন্ধ ও পচে যাওয়ার আশঙ্কায় চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
এ বিষয়ে মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, ‘মাদরাসার ফান্ড থেকে অর্থ ব্যয় করে শ্রমিকের মাধ্যমে চামড়া সংগ্রহ করা হয়েছিল। বিক্রির জন্য অপেক্ষা করেও কোনো পাইকার পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলতে হয়েছে। এ ঘটনায় মাদরাসার বড় ধরনের লোকসান হয়েছে।’
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। চামড়া সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল। এমনটি হওয়ার কথা নয়। খোঁজ নেওয়া হচ্ছে।’
