প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১১:১৯ পিএম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ (৩০ মে ২০২৬) সারা দেশে পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দোয়া,মিলাদ মাহফিল,বৃক্ষ রোপন,স্বেচ্ছায় রক্তদান, খাদ্য বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়
শনিবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট-সহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর-এ যথাযোগ্য মর্যাদায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে| এই উপলক্ষে আজ শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়|
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী| এ সময় তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন|
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ রানা|
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন| দোয়া ও মোনাজাতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের অগ্রগতি, শান্তি ও জনগণের কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়| দোয়া মাহফিল শেষে উপাচার্য বিশ^বিদ্যালয়ের প্রধান গেটের সামনে তবারক বিতরণ করেন|
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি বাংলাদেশের সকল অর্জনের একমাত্র কৃতিত্বের দাবিদার। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং সেক্টর কমান্ডার হিসেবে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশ ও জাতির প্রয়োজনে তিনি সর্বদা ত্রাতার ভূমিকা পালন করেন। একদলীয় শাসন থেকে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। ক্ষুধা ও দারিদ্র্য থেকে দেশকে উদ্ধার করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলেন। তাঁর সততা, দেশপ্রেম ও পররাষ্ট্রনীতি এখনো সকলের জন্য অনুকরণীয়| শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশে সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বাধীনতার মহান ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে ২০২৬) বাদ জোহর নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, স্বাধীনতার মহান ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজ তাঁর ৪৫ তম শাহাদাতবার্ষিকী। আজকের এই দিনে আমরা তাঁর জন্য বিশেষভাবে দোয়া করবো। এ দেশ যখনই দিশেহারা হয়েছে তখনই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবার দেশের হাল ধরেছে। আমি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ।
মিলাদ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, নোবিপ্রবিতে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ (জেডআরএফ) এর চট্টগ্রাম বিভাগীয় শাখা এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
