শুক্রবার ০১, মে ২০২৬

শুক্রবার ০১, মে ২০২৬ -- : -- --

ওরিয়েন্টেশন ক্লাসের দিন সাড়ে ১১ হাজার মেডিকেল শিক্ষার্থীর বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

ক্লাস শুরুর দিন প্রত্যেক শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবেন। ছবি: এআই নির্মিত

আগামী ৩ মে ২০২৫ থেকে ২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

অনুষ্ঠান শেষে সারা দেশে নবীন এমবিবিএস শিক্ষার্থীরা পরিবেশ সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণে অংশ নেবেন। প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছ রোপণ করবেন। এ কর্মসূচির আওতায় সারা দেশে সাড়ে ১১ হাজারের বেশি বৃক্ষ রোপণ করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষর করেছেন।

নোটিশ অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম একই দিনে সকাল ৯টায় দেশের সরকারি ও বেসরকারি সব মেডিকেল কলেজে একযোগে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে কেন্দ্রীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের ১১২টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ অনলাইন প্ল্যাটফর্মে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে। এতে অংশ নেবেন নবীন বর্ষের প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে প্রত্যেক কলেজ নিজস্বভাবে ওরিয়েন্টেশন কার্যক্রম সম্পন্ন করবে।

এরপর ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ প্রাঙ্গণ বা নির্ধারিত স্থানে একটি করে বৃক্ষ রোপণ করবেন। এতে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অধিদপ্তর সূত্র জানায়, এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি গত বছরেও আয়োজন করা হয়েছিল।

তথ্য অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট এক লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেলে ৫ হাজার ১০০ জন এবং বেসরকারি ৭৫টি মেডিকেলে প্রায় ৬ হাজার ২৭৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সাড়ে ১১ হাজারের বেশি শিক্ষার্থী এ ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশ নেবেন।

এছাড়া আগামী ৪ মে সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোতে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ পরিদর্শন ও কারিকুলাম বিষয়ে ধারণা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ৫ মে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষকদের সমন্বয়ে মোটিভেশনাল লেকচার আয়োজন করতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

Link copied!