প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় কুমিল্লায় পাঁচ সদস্যের একটি ছিনতাই চক্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, যাত্রী সেজে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে চক্রটি বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল, ক্যামেরা ও সামান্য টাকা ছিনিয়ে নেয়। পরে চলন্ত গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটকরা হলেন— ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), ইসমাইল হোসেন জনি (২৫), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)।
কুমিল্লা কোতোয়ালি এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তাঁর মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
