প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ এএম
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাটের প্রধান সিঁড়িটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় যাত্রীদের জন্য বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই সিঁড়ি ব্যবহার করলেও এর বেহাল অবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সিঁড়ির বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং কিছু অংশ পিচ্ছিল হয়ে পড়েছে। কোথাও কোথাও রেলিং না থাকায় চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে।
এই সিঁড়ি দিয়ে প্রতিদিন দিনমজুর, শ্রমিক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চলাচল করেন। অনেক শ্রমিককে মাথায় ভারী বোঝা নিয়ে ঝুঁকি নিয়েই ওঠানামা করতে দেখা যায়। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জীবিকার তাগিদে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাদের ভাষায়, এই সিঁড়ি দিয়ে ওঠানামা করা মানেই প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নেওয়া।
এ অবস্থায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ দ্রুত সিঁড়িটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সংশ্লিষ্টদের প্রতি স্থানীয়দের প্রশ্ন—প্রাণহানির পরই কি ব্যবস্থা নেওয়া হবে, নাকি আগেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে?
রাঙামাটির গুরুত্বপূর্ণ এই লঞ্চঘাটের সিঁড়িটি এখন শুধু অবকাঠামোগত সমস্যা নয়, বরং জননিরাপত্তার একটি বড় উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
