প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও কমেন্টের মাধ্যমে প্রাণনাশের হুমকির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন তিনজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (২৭ এপ্রিল) তিনি ইবি থানায় এ জিডি দায়ের করেন। মুবাশ্বির আমিন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাহ আজিজুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
জিডি সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অভিযোগে বলা হয়, ২৬ এপ্রিল (২০২৬) ‘Md Mehedi Hasan Hafiz’ নামের একটি ফেসবুক আইডি থেকে মুবাশ্বির আমিনকে উদ্দেশ করে কটূক্তিমূলক বক্তব্যসহ প্রাণনাশের হুমকি দিয়ে পোস্ট করা হয়। পরে ‘Shahin Alam’ নামের আরেকটি আইডি থেকেও তার বিরুদ্ধে অপপ্রচার ও হুমকিমূলক পোস্ট দেওয়া হয়। এছাড়া ‘Md Sabbir Khan’ নামের একটি আইডি থেকে তাকে হত্যার হুমকি দিয়ে মন্তব্য করা হয়।
জিডিতে মুবাশ্বির আমিন উল্লেখ করেন, এসব ঘটনার পর তিনি বর্তমানে ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন।
এর আগে রোববার (২৬ এপ্রিল) “৩৬ দিনে খু’নি হাসিনা ভারতে পালিয়েছিল, ৩৬ ঘন্টাও লাগবেনা লন্ডনে পালাতে” শিরোনামে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওকে কেন্দ্র করে মন্তব্যের ঘরে একটি ছবি শেয়ার করেন অভিযুক্ত মেহেদী হাসান হাফিজ। ছবিতে মুবাশ্বির আমিনের মুখে একটি মাদকসদৃশ বস্তু, হাতে লাইটার ও কাগজ দেখা যায়।
তবে এ বিষয়ে মুবাশ্বির আমিন দাবি করেন, ছবিটি ২০২৩ সালে একটি গেট-টুগেদারে ‘মজার ছলে অভিনয়’ হিসেবে তোলা হয়েছিল, যা বাস্তবতার প্রতিফলন নয়। তিনি অভিযোগ করেন, ছবিটিকে বিকৃতভাবে উপস্থাপন করে তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “সবচেয়ে কষ্টের বিষয় হলো, যে মহল থেকে ঘটনাটির সূচনা হয়েছিল, তারাই এখন এটিকে অপব্যাখ্যা করে ইস্যু বানিয়ে ছড়িয়ে দিচ্ছে। একজন শিক্ষার্থী হিসেবে প্রশ্ন থাকে—আমার মতো কাউকে এভাবে হেনস্তা করা হলে সচেতন সমাজ ও দায়িত্বশীলদের ভূমিকা কী হওয়া উচিত?”
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “ঘটনাটি নিয়ে জিডি হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ আদালতের মাধ্যমে নেওয়া হবে।”
