প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাত্র চার ঘণ্টার ব্যবধানে এক আওয়ামী লীগ নেতা ও তার মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার সহশ্রম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৫) শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মারা যান। তিনি সহশ্রম ধুলদিয়া রায়খলা গ্রামের মৃত মো. মনির উদ্দিনের বড় ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রাতের দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত গাজীপুরের তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, তার মৃত্যুর খবর জানার পর চার ঘণ্টার ব্যবধানে রোববার ভোর ৬টার দিকে তার অসুস্থ মা জুবাইদা মনি (৮০) মারা যান। পরিবারের সদস্যদের ধারণা, সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরেই তার মৃত্যু হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই শাহীন উদ্বিগ্ন ছিলেন। পরবর্তীতে তার মৃত্যুর সংবাদ মাকে জানানো হলে তিনি শোকে ভেঙে পড়েন এবং কিছু সময় পর মারা যান।
নিহতের চাচাতো ভাই মাওলানা আল মামুন জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন স্থায়ীভাবে বাড়িতে না থাকলেও মায়ের প্রতি গভীর টান ছিল। সুযোগ পেলেই তিনি বাড়িতে এসে মায়ের খোঁজখবর নিতেন।
মা-ছেলের এমন পরপর মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি এলাকায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
