সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

রাঙামাটিতে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ অভিযোগে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল উপজেলা শাখার সেক্রেটারি মো. রবিউল ইসলাম

রাঙামাটির বরকল উপজেলায় নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে ‘ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল উপজেলা শাখার সেক্রেটারি মো. রবিউল ইসলাম।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় রাঙামাটি শহরের ইসলামিক সেন্টার পাঠাগারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, গত ২৩ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও কয়েকটি অনলাইন গণমাধ্যমে তার বিরুদ্ধে ‘চাঁদাবাজির মামলা’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিভ্রান্তিকর ও মানহানিকর। তার দাবি, এটি কোনো চাঁদাবাজির মামলা নয়; বরং ছোট হরিনার ব্যবসায়ী মোজাম্মেল হক বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে তার ও এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম মামলার প্রকৃতি যাচাই না করেই সেটিকে ‘চাঁদাবাজির মামলা’ হিসেবে উপস্থাপন করেছে, যার ফলে জনমনে ভুল ধারণা সৃষ্টি হয়েছে এবং তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সংবাদে উল্লেখ করা হয়েছিল সাংবাদিকরা তার বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে পাননি। অথচ একটি টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধির সঙ্গে তার হোয়াটসঅ্যাপে বিস্তারিত কথা হয়েছে এবং তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তবে সেই বক্তব্য সংবাদে স্থান পায়নি বলে অভিযোগ করেন তিনি।

মামলার অসংগতি তুলে ধরে রবিউল ইসলাম বলেন, মামলায় তাকে ও অপর আসামিকে বাদীর একই এলাকার বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। তিনি দাবি করেন, বাদীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার স্থায়ী ঠিকানা ভিন্ন জেলায়।

তিনি আরও জানান, বাদীর সঙ্গে তার পূর্বে ব্যবসায়িক সম্পর্ক ছিল, যা প্রায় আড়াই বছর আগে শেষ হয়েছে। এরপর থেকেই একটি মহল তাকে পরিকল্পিতভাবে হয়রানি করছে বলে তার অভিযোগ।

রবিউল ইসলামের ভাষ্য অনুযায়ী, এলাকায় অবৈধ চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকায় একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিশোধমূলকভাবে এই মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Link copied!