জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম
সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --
সংকট মোকাবেলায় ছাত্রদলের ৫ দফা দাবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একমাত্র চিকিৎসাকেন্দ্র ‘ব্যথার দান’-এ দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সেবার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সংগঠনটি প্রশাসনের কাছে ৫ দফা দাবি উত্থাপন করেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় ওষুধের অভাব, চিকিৎসক সংকট এবং জরুরি সেবা না থাকায় তারা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে চিকিৎসা বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
ছাত্রদলের দাবিগুলোর মধ্যে রয়েছে—২৪ ঘণ্টা চিকিৎসা সেবা চালু করা, প্রয়োজনীয় সব ধরনের ওষুধের মজুদ নিশ্চিত করা, সাপ্তাহিক ছুটির দিনেও সেবা চালু রাখা, জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি এবং আধুনিক রোগ নির্ণয় ও চিকিৎসা সরঞ্জাম সংযোজন।
মেডিকেল সেন্টারের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন বলেন,"আমরা আজ পরিদর্শন করে দেখলাম, এই মেডিকেল সেন্টার থেকে ২৬টি ঔষধ দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দেয়া হচ্ছে মাত্র ৪টি। নারী শিক্ষার্থীদের জন্য কোনো নারী চিকিৎসক নেই। এমনকি একজন চর্মরোগ বিশেষজ্ঞ থাকলেও তাকে নিয়মিত পাওয়া যায় না।"
তিনি আরও যোগ করেন,"শুক্রবার ও শনিবার মেডিকেল সেন্টার বন্ধ থাকায় শিক্ষার্থীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সামান্য সেলাই বা ব্যথার জন্য এক্স-রে করার মতো ন্যূনতম সুবিধাও এখানে নেই, যা শিক্ষার্থীদের দুর্ভোগকে চরম পর্যায়ে নিয়ে গেছে। পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র একটি অ্যাম্বুলেন্স; সেটি কোনো রোগীকে নিয়ে ময়মনসিংহ গেলে অন্য কোনো জরুরি প্রয়োজনে আর কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না।"
বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসা এই মেডিকেল সেন্টার। তবে জনবল সংকট, ওষুধের অপ্রতুলতা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সেবার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও অসন্তোষ বাড়ছে।
এ প্রেক্ষিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।