প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) তরুণ শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চার দিনব্যাপী ‘বিডি-পেডাগোজিক্যাল ট্রেনিং ফর দ্যা ইয়াং টিচার অব সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি-এওএল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) ও সিকৃবি রিসার্চ সিস্টেম (সাউরেস)-এর যৌথ উদ্যোগে মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় এবং সাউরেসের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করছেন নেদারল্যান্ডসের পাম এক্সপার্ট ডেনিস গো-ফেইজ।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন,“বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার মানোন্নয়ন কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সার্বিক প্রক্রিয়া, যেখানে শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন কৌশল, গবেষণা দক্ষতা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু জ্ঞানদাতা নন, তিনি একজন পথপ্রদর্শক, অনুপ্রেরণাদাতা এবং দক্ষ মানবসম্পদ তৈরির কারিগর। সুতরাং, শিক্ষার্থীদের চাহিদা, মনস্তত্ত্ব এবং পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে আমাদের শিক্ষাদান পদ্ধতিতে নতুনত্ব আনা অত্যন্ত জরুরি।”
আয়োজকরা জানান, চার দিনব্যাপী এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মোট ৩০ জন তরুণ শিক্ষক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন কৌশল এবং গবেষণা দক্ষতা উন্নয়নে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক ধারণা অর্জন করবেন বলে আশা করা হচ্ছে।
