সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

দুই কারণে পেছাল এইচএসসি পরীক্ষা, শুরু ২ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের পরিবর্তে পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পূর্ব ঘোষণা অনুযায়ী ৭ জুন পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে।

শনিবার (১৮ এপ্রিল) এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত দুটি বিষয় বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—শিক্ষার্থীদের পক্ষ থেকে জুলাই মাসে পরীক্ষা আয়োজনের দাবি। পাশাপাশি, পরীক্ষার্থীদের পাঠদান শুরুর সময় এবং প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, ‘সভা শুরুর পর একটি পক্ষ এইচএসসি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের পাঠদান সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উল্লেখ করে তা পেছানোর পক্ষে মতামত দেন। এছাড়া ৭ জুন থেকে পরীক্ষা শুরুর খবর চাউর হওয়ার পর থেকে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন। এ দুটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে পরীক্ষা ২ জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে।’

এদিকে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা তুলনামূলক কম সময়ে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত হয়েছে, যা রুটিন প্রকাশের মাধ্যমে চূড়ান্ত হবে।

তথ্য অনুযায়ী, গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষা প্রায় দুই মাসব্যাপী অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ এই সময়সীমা কমিয়ে আনতেই এবার স্বল্প সময়ে পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া এবার প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হতো।

Link copied!