প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম
২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র বিতরণ ও সময় বণ্টন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন নীতিমালায় এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নপত্র একসঙ্গে দেওয়া হবে কি না—এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীদের উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। এরপর সকাল ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র প্রদান করা হবে এবং ১০টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে।
তবে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সৃজনশীল অংশ শুরু হবে সকাল ১০টা ২৫ মিনিটে।
এছাড়া দুপুর ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। এরপর ২টায় এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হবে এবং ২টা ৩০ মিনিটে সৃজনশীল অংশ শুরু হবে। ২৫ নম্বর এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সৃজনশীল অংশ শুরু হবে দুপুর ২টা ২৫ মিনিটে।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই সময় বণ্টন কাঠামো কঠোরভাবে অনুসরণ করা হবে। পরীক্ষার হল ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে।
বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার নির্ধারিত নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য।
