প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত বদলি কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রস্তুত করা বদলি সফটওয়্যার আগামী সপ্তাহেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
মাউশি ডিজি বলেন,‘বদলির সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত। আশা করছি চলতি সপ্তাহে সফটওয়্যার লাইভ হবে। এটি নিয়ে টেলিটক কাজ করছে। আগামী মাসের শুরুতে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। তথ্য সফটওয়্যারে ইনপুট হওয়ার পর বদলি আবেদনগ্রহণ শুরু হবে।’
শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু হতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,‘মে মাসের মধ্যেই শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরু করা হতে পারে। বিষয়টি নিয়ে কাজ চলছে।’
জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা আগে বদলির সুযোগ না পেলেও পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সীমিত সুযোগ পান। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে সেই সুযোগ বন্ধ হয়ে যায়।
এরপর শিক্ষক আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ উদ্দেশ্যে একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে সফটওয়্যার প্রস্তুত না থাকা, নীতিমালা সংশোধন এবং আইনি জটিলতার কারণে কার্যক্রম শুরু বিলম্বিত হয়।
পরবর্তীতে সফটওয়্যারের ডেমো প্রদর্শন শেষে অনুমোদন দেওয়া হলেও মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু না হওয়ায় পুরো প্রক্রিয়া আটকে ছিল। এখন সেই কার্যক্রম শুরু হলে বদলি আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পথ খুলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
