প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর বি এম আব্দুল হান্নানকে ওএসডি করা হয়েছে। একই সঙ্গে তার স্থলাভিষিক্ত হিসেবে কলেজ ও প্রশাসন শাখার দায়িত্ব দেওয়া হয়েছে ফরিদপুর সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হককে।
সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে আরও পাঁচজন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকেও ওএসডি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রফেসর বি এম আব্দুল হান্নান পূর্বে মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করলে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিজির দায়িত্ব দেওয়া হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত মো. নাজমুল হক এর আগে ফরিদপুর সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক এই পরিবর্তনের মাধ্যমে মাউশির কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
