সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

কোচিং বাণিজ্যে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

কারিগরি শিক্ষা অধিদপ্তর। ফাইল ফটো

ভোলার লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

বুধবার (১৫ এপ্রিল) অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক স্বাক্ষরিত পৃথক পাঁচটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত শিক্ষকেরা হলেন—রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর মো. সাখাওয়াত হোসেন, পদার্থবিজ্ঞানের ক্রাফট ইন্সট্রাক্টর মো. তরিকুল ইসলাম, বাংলা বিভাগের ইন্সট্রাক্টর মো. রিয়াজ উদ্দিন, আইটি অ্যান্ড আইওটি বেসিকস বিভাগের ইন্সট্রাক্টর মো. শরিফুল ইসলাম রায়হান এবং ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর মো. নাজমুল হাসান।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান সংলগ্ন ‘শিক্ষা নীড় কোচিং সেন্টার’ পরিচালনার সঙ্গে এসব শিক্ষকের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে শিক্ষার্থীদের লিখিত বক্তব্য ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইংরেজি বিভাগের শিক্ষক মো. নাজমুল হাসানকে প্রাইভেট পড়ানোর সময় হাতেনাতে পাওয়া গেছে।

অধিদপ্তর জানায়, শিক্ষকদের এ ধরনের কার্যকলাপ ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ অনুযায়ী এবং সরকারি কর্মচারী বিধিমালা-২০১৮ এর ২(খ) ধারা অনুসারে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য।

এ পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষকদের পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Link copied!