শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

ফাইল ফটো

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। গত বছরের তুলনায় এবার মোট ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কম অংশ নিচ্ছে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে পরীক্ষা শুরু হবে।

বোর্ডের অধীনে ২,৫৭২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৯৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে ৬৬,৯২৮ জন ছাত্র এবং ৬৮,১৬১ জন ছাত্রী রয়েছে। ফলে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১,২৩৩ জন বেশি।

পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১,০৯,২৬৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২৫,৬৭৮ জন এবং জিপিএ উন্নয়ন বা মানোন্নয়ন পরীক্ষার্থী ১৪৫ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৮২,৪১১ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর বিজ্ঞান বিভাগে ৩৯,৪২৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩,২৫২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

জেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, যশোর জেলায় সর্বোচ্চ ২২,০৮৮ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর খুলনায় ২১,৪২৮ জন, কুষ্টিয়ায় ১৯,৭৪৯ জন, ঝিনাইদহে ১৬,৩৪৯ জন, সাতক্ষীরায় ১৪,২৪৭ জন, বাগেরহাটে ১১,৯২৬ জন, চুয়াডাঙ্গায় ৮,৯৬২ জন, মাগুরায় ৮,০৭৬ জন, নড়াইলে ৬,০৬৪ জন এবং মেহেরপুরে ৬,২০০ জন পরীক্ষার্থী অংশ নেবে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে কেন্দ্র সচিবদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। কোনো অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

Link copied!