শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

আজই মিলতে পারে শিক্ষকদের বৈশাখী ভাতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ছাড়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বৈশাখী ভাতার অর্থ চিফ অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে অ্যাকাউন্টস অফিসের অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দুপুরের মধ্যেই এ প্রস্তাব অনুমোদন পাবে।

অনুমোদন সম্পন্ন হলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে। এতে আজ সন্ধ্যার মধ্যেই অনেকের অ্যাকাউন্টে বৈশাখী ভাতার টাকা পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'আশা করছি আজ শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার মেসেজ পাবেন। কোনো কারণে আজ না পেলে আগামী বুধবার তারা ভাতার টাকা পাবেন।'

প্রাপ্ত তথ্যমতে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের জন্য ১২৯ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ২৭৬ টাকা এবং কলেজ পর্যায়ের জন্য ৫২ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে বর্তমানে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু রয়েছে। এতে স্বচ্ছতা ও দ্রুততা বাড়ায় নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ ছাড়ের কার্যক্রম সম্পন্ন হচ্ছে।

Link copied!