প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম
অস্ট্রেলিয়াতে শিক্ষার্থী ও ভিজিটর ভিসার প্রক্রিয়াকরণ সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে স্থায়ী ভিসার ক্ষেত্রে এখনো দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে আবেদনকারীদের। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
২৩ মার্চ ২০২৬ প্রকাশিত তথ্য অনুযায়ী, শিক্ষার্থী ভিসা প্রক্রিয়াকরণে গড়ে প্রায় ৩৩ দিন সময় লাগছে। অন্যদিকে ভিজিটর ভিসার বেশিরভাগ আবেদন এক দিনেরও কম সময়ে নিষ্পত্তি করা হচ্ছে, যা আবেদনকারীদের জন্য স্বস্তির খবর।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা প্রক্রিয়াকরণের সময় নির্ভর করে আবেদনপত্রে প্রদত্ত তথ্যের পূর্ণতা, অতিরিক্ত তথ্য সরবরাহের গতি এবং স্বাস্থ্য, চরিত্র ও জাতীয় নিরাপত্তা যাচাইয়ের ওপর।
অস্থায়ী দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রেও তুলনামূলক দ্রুততা দেখা গেলেও গড়ে প্রায় ৮৭ দিন সময় লাগছে। অসম্পূর্ণ আবেদন জমা দিলে প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিদেশ থেকে শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে বিভিন্ন নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করা হয়। এ কারণে কোর্স শুরুর অনেক আগে এবং প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রেখে আবেদন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে স্থায়ী ভিসার ক্ষেত্রে অপেক্ষার সময় এখনো দীর্ঘ। দক্ষ কর্মী স্থায়ী ভিসা পেতে গড়ে প্রায় ৯ মাস সময় লাগছে। পার্টনার ভিসার ক্ষেত্রে এই সময় বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ১৭ মাসে।
সরকারি অগ্রাধিকারের ভিত্তিতে এসব আবেদন নিষ্পত্তি করা হয়। বিশেষ করে আঞ্চলিক এলাকায় নিয়োগদাতার মাধ্যমে আবেদনকারী এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে কর্মরতদের আবেদন বেশি গুরুত্ব পাচ্ছে।
স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা প্রক্রিয়াকরণ সময় নিয়মিত হালনাগাদ করা হয় এবং আবেদনকারীর অবস্থানসহ বিভিন্ন কারণে তা ভিন্ন হতে পারে। সম্পূর্ণ তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে বিলম্ব কমানো সম্ভব।
