রবিবার ০৫, এপ্রিল ২০২৬

রবিবার ০৫, এপ্রিল ২০২৬ -- : -- --

পরিবার নিয়ে নিউজিল্যান্ডে পড়াশোনার সুবিধা

সায়ফুল হক সিরাজী

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৩ এএম

ফাইল ফটো

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে নিউজিল্যান্ড। দেশটিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ বৃদ্ধির পাশাপাশি পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রেও রয়েছে নানা সুবিধা।

নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন। এছাড়া মধ্যবর্ষ, বড়দিন ও নববর্ষের ছুটিতে তারা পূর্ণকালীন কাজ করার সুযোগ পান।

ইমিগ্রেশন নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তাদের স্বামী/স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিতে পারেন। তারা পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের ভিসা স্পনসর করতে পারেন, যার মধ্যে রয়েছে পার্টনার ও চাইল্ড ভিজিটর ভিসা।

তবে পরিবারের সদস্যদের কাজ বা পড়াশোনার সুযোগ নির্ভর করে শিক্ষার্থীর কোর্সের ধরন ও যোগ্যতার ওপর। বিশেষ করে মাস্টার্স বা পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা তাদের সঙ্গীর জন্য ওয়ার্ক ভিসা স্পনসর করতে পারেন। একই সঙ্গে পিএইচডি শিক্ষার্থীরা সন্তানের জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার সুযোগও তৈরি করতে পারেন।

এছাড়া গ্রিন লিস্টভুক্ত পেশাসংশ্লিষ্ট কোর্স বা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্য কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এ সুবিধা পেতে পারেন।

সন্তানের ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার সুযোগ সীমিত। এটি সাধারণত পিএইচডি শিক্ষার্থী, অনুমোদিত এক্সচেঞ্জ প্রোগ্রাম বা সরকারি স্কলারশিপধারীদের জন্য প্রযোজ্য। তবে প্রয়োজনে সঙ্গী ওয়ার্ক ভিসা পাওয়ার পর সন্তানের স্পনসর হতে পারেন।

অন্যদিকে, নিউজিল্যান্ডে অধ্যয়নরত শিশুদের দেখাশোনার জন্য অভিভাবকেরা ‘গার্ডিয়ান ভিজিটর ভিসা’ নিয়ে সেখানে অবস্থান করতে পারেন।

সংশ্লিষ্টরা বলছেন, পড়াশোনার পাশাপাশি কাজ এবং পরিবার নিয়ে থাকার সুযোগ থাকায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে নিউজিল্যান্ডের আকর্ষণ আরও বাড়ছে।

Link copied!