প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ এএম
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পেইন পরিচালনা করেছে শাখা ছাত্রদল। সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ এবং দেয়ালে সচেতনতামূলক স্টিকার লাগানোর মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি, লক্ষণ এবং প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়।
ক্যাম্পেইনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের মতে, সচেতনতার ঘাটতির কারণেই ডেঙ্গুর বিস্তার ঘটে, যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ বিষয়ে মো. নাছির উদ্দিন শাওন বলেন, “ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যা অনেকাংশে মানুষের অসচেতনতার কারণেই ছড়িয়ে পড়ে। প্রতিবছর এ রোগে অসংখ্য মানুষ আক্রান্ত হন এবং অনেকের প্রাণহানিও ঘটে।”
তিনি আরও বলেন, “দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে লিফলেট ও স্টিকার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি সারাদেশের মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
