প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে আইপিএস কেনার জন্য এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার সকালে কলমাকান্দা উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিভাবকদের দাবির মুখে তাৎক্ষণিকভাবে এই ঘোষণা দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ডেপুটি স্পিকার স্কুলটি পরিদর্শন করেন। এ সময় স্কুলের সহকারী পরিচালক এনামুল হক তালুকদার তাকে স্বাগত জানান। প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুই শিফটে চার শতাধিক শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে অধ্যয়ন করছে। তবে সাম্প্রতিক তীব্র গরম ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছিল।
ডেপুটি স্পিকারের আগমনের খবর পেয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হন অভিভাবকরা। রুমা আক্তার, মরিয়ম, পিংকি সাহা ও রিমা আক্তারসহ কয়েকজন অভিভাবক বিদ্যুৎ সমস্যার বিষয়টি তুলে ধরে শিক্ষার্থীদের স্বার্থে একটি আইপিএস স্থাপনের দাবি জানান।
অভিভাবকদের বক্তব্য শোনার পর ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “স্কুল কর্তৃপক্ষ বা অন্য কারও অপেক্ষায় না থেকে আমি নিজেই এই সমস্যার সমাধান করছি। আইপিএস কেনার জন্য আমার এক মাসের বেতন এক লাখ টাকা দিচ্ছি। আপনারা দ্রুত একটি ভালো মানের আইপিএস কিনে নেবেন।”
তার এই সিদ্ধান্তে উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পায়। তারা করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানান। পরে স্কুল পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকারা ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
