প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ এএম
পাবলিক পরীক্ষায় নকল ও সংশ্লিষ্ট অপরাধ দমনে আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের পর বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, ১৯৮০ সালের বিদ্যমান আইন সংশোধনের মাধ্যমে পাবলিক পরীক্ষায় নকল প্রতিরোধ ও অপরাধের বিচার আরও কঠোর করা হবে।
তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানসংক্রান্ত বিষয়ে শিগগিরই পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়, যা আগামী ৬ এপ্রিল থেকে কার্যকর হতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি থেকে সৃষ্ট জ্বালানি সংকটের বিষয়টিও গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। এ প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ ব্যয় সংকোচনের একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং ব্যাংকের লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। পাশাপাশি বাণিজ্যিকভাবে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, তবে পুরোনো বাস আমদানির অনুমতি থাকবে না।
