বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --

সঙ্গীত শিক্ষা চালুর সিদ্ধান্তে হেফাজতে ইসলামের আপত্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সঙ্গীত শিক্ষা চালুর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত ধর্মপ্রাণ মুসলিম অভিভাবকদের মতামতের পরিপন্থী এবং তা শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতার ওপর প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন, ইসলামে বাদ্যযন্ত্র অনুমোদিত নয় বিধায় প্রাথমিক ও মাধ্যমিকে সঙ্গীত শিক্ষা বাধ্যতামূলকভাবে চালু করলে তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে না। ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

নেতারা আরও বলেন, দেশে সঙ্গীত শিক্ষার জন্য আলাদা বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে। অভিভাবকরা চাইলে তাদের সন্তানদের সেখানে পাঠাতে পারেন। তবে সকল শিক্ষার্থীর জন্য এটি আবশ্যক করার যৌক্তিকতা নেই।

তারা দাবি করেন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে ধর্মশিক্ষা অধিক গুরুত্বপূর্ণ। এ কারণে দীর্ঘদিন ধরে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছেন ওলামায়ে কেরাম। মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করলে সবার ধর্মীয় স্বাধীনতা রক্ষা পাবে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নানা কারণে দেশের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। বিদ্যমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন দুর্বলতা ও বিতর্কের কারণে অভিভাবকদের আস্থাও কমেছে। এ প্রেক্ষাপটে দ্বীনশিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদরাসাভিত্তিক শিক্ষাব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগের কথাও তুলে ধরেন তারা।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি সঙ্গীত শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Link copied!