শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬

শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬ -- : -- --

প্রাইভেট এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু ৬–১৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম

ফাইল ফটো

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাইভেট পরীক্ষার্থীদের ৬ থেকে ১৩ এপ্রিলের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীদের তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আবেদনকারীদের ২ থেকে ৫ এপ্রিলের মধ্যে নির্ধারিত কলেজে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে এবং পরবর্তীতে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত ১৬টি কলেজের মাধ্যমে প্রাইভেট পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এসব কলেজের মধ্যে রয়েছে ভাসানটেক সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তোলারাম কলেজ, সরকারি হরগঙ্গা কলেজ, দেবেন্দ্র কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, নরসিংদী সরকারি কলেজ, গুরুদয়াল সরকারি কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এবং আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।

এবারের নিয়ম অনুযায়ী, ২০২১ বা এর আগের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০ বা এর আগের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন নবায়ন ছাড়া ২০২৬ সালের পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়া যাবে।

প্রাইভেট পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা দিতে হবে এবং কোনো অবস্থাতেই কেন্দ্র পরিবর্তনের সুযোগ থাকবে না। তারা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। ব্যবহারিক বিষয় (আইসিটি ব্যতীত) নেওয়ার সুযোগ থাকবে না এবং চতুর্থ বিষয় অন্তর্ভুক্ত করা যাবে না।

বোর্ড আরও জানিয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীদের নির্ধারিত কলেজের অধ্যক্ষের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। তবে শিক্ষক, পুলিশ, প্রতিরক্ষা বাহিনীর কর্মরত সদস্য এবং শারীরিক বা দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের বাধ্যবাধকতা নেই।

Link copied!