বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

লিফট বিকল, ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম

ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের লিফট সংকট চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে দুটি লিফটের একটি সম্পূর্ণ বিকল থাকায় কয়েক হাজার শিক্ষার্থীকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সরেজমিনে দেখা যায়, ভবনের প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য নির্ধারিত দুটি লিফটের মধ্যে একটি গত মাসের শুরু থেকেই বন্ধ রয়েছে। অপর লিফটটি সচল থাকলেও অতিরিক্ত চাপের কারণে শিক্ষার্থীরা গাদাগাদি করে চলাচল করছেন, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে।

ভবনের নিচতলায় লিফটে ওঠার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও লিফটে উঠতে না পেরে বাধ্য হয়ে সিঁড়ি ব্যবহার করছেন। নয়তলা ভবনে প্রতিদিন ওঠানামা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন শিক্ষার্থীরা, যা তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমেও প্রভাব ফেলছে।

এছাড়া লিফটগুলো পুরোনো ও ত্রুটিপূর্ণ হওয়ায় মাঝেমধ্যেই বিকল হয়ে মাঝপথে আটকে যাওয়ার ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জাতীয় গণমাধ্যমেও একাধিকবার সংবাদ প্রকাশের পরও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাদের। ফলে প্রশাসনের প্রতি ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে।

এ বিষয়ে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল-আমিন বলেন,"নয়তলা ভবনে লিফট অকেজো থাকায় প্রতিদিন আমাদের ক্লাসে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে, যা সরাসরি আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও লিফটে জায়গা না পেয়ে যখন সিঁড়ি দিয়ে উঠতে হয়, তখন ক্লাসে মনোযোগ দেওয়াই কঠিন হয়ে পড়ে। বারবার জানানোর পরেও কর্তৃপক্ষের এই নির্বিকার ভূমিকা আমাদের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রতি চরম অবহেলা ছাড়া আর কিছুই নয়।"

লিফট সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী সাফায়েত মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,

“লিফট এর পার্টস সংক্রান্ত দুর্বলতার কারণে বার বার এই সমস্যার সৃষ্টি হচ্ছে।আমরা চেষ্টা করছি যাতে আগামীকালকের মধ্যে লিফট গুলো মেরামত করা সম্ভব হয়।

তবে বার বার এমন পার্টস সংক্রান্ত দুর্বলতার কারণ ও সমাধান জিজ্ঞেস করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।”

Link copied!