বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --

৫৪ বছর পর আবার চাঁদের পথে মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

প্রায় ৫৪ বছর পর মানবজাতি আবারও চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-২ মিশনের মাধ্যমে চার নভোচারী চাঁদকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়েছেন।

এই অভিযানে অংশ নেওয়া নভোচারীরা হলেন যুক্তরাষ্ট্রের রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কক এবং কানাডার জেরেমি হ্যানসেন। প্রায় ১০ দিনব্যাপী এই মিশনে তারা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন, তবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন না।

৩২ তলা সমান উচ্চতার শক্তিশালী রকেটে করে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় মহাকাশযানটি। এই ঐতিহাসিক উৎক্ষেপণ প্রত্যক্ষ করতে সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। রকেট আকাশে উড়তে শুরু করলে নাসার কর্মী ও দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

আর্টেমিস-২ মিশনের প্রধান লক্ষ্য হলো ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি আরও জোরদার করা। এটি এমন একটি মহাকাশযান, যা আগে কখনো মানুষ বহন করেনি। ফলে এই মিশনে নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। পাশাপাশি ডকিং সিমুলেশনের সময় নভোচারীরা মহাকাশযানের ম্যানুয়াল নিয়ন্ত্রণ ক্ষমতাও পরীক্ষা করবেন।

নাসা ভবিষ্যতে ২০২৮ সালে আর্টেমিস-৪ মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে পুনরায় মানুষ অবতরণের পরিকল্পনা করছে। ১৯৭২ সালের অ্যাপোলো মিশনের পর এটি হবে চন্দ্রপৃষ্ঠে ফেরার দীর্ঘ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এদিকে, চীনও ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা ঘোষণা করায় মহাকাশ গবেষণায় প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং ভবিষ্যতে মঙ্গলগ্রহে অভিযানের প্রস্তুতিতে এই মিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

উৎক্ষেপণের আগে নভোচারীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন তার অনুভূতি প্রকাশ করে বলেন,
‘আমরা সমগ্র মানবজাতির পক্ষ থেকে চন্দ্রাভিযানে যাচ্ছি।’

এরপর আর্টেমিস-২ মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন নভোচারীদের উদ্দেশে বলেন,
‘রিড, ভিক্টর, ক্রিস্টিনা ও জেরেমি—এই ঐতিহাসিক মিশনে আপনারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আর্টেমিস-২ দলের হৃদয়, বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের সমর্থন এবং নতুন প্রজন্মের আশা-স্বপ্ন। শুভকামনা। ঈশ্বর আপনাদের সহায় হোন। এগিয়ে চলুক আর্টেমিস-২।’

Link copied!