প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে চবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর দেড়টায় উপাচার্য দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য সাংবাদিকদের স্বাগত জানিয়ে তাঁদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকরা ক্যাম্পাসের মূল মুখপাত্র। সাংবাদিকরা দর্পণস্বরুপ। বিশ্ববিদ্যালয়ের ভালোমন্দ রিপোর্টারদের লেখনীর মাধ্যমে উঠে আসে। মাননীয় উপাচার্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাংবাদিক সহযোগিতা কামনা করেন। উপস্থিত সবাইকে মাননীয় উপাচার্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় সাংবাদিক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নিজেদের পরিচয় প্রদান করেন। আলোচনায় আবাসন সংকট, আবাসিক হলের বিভিন্ন সমস্যা, ডিজিটালাইজেশন ও ইন্টারনেট সুবিধাসহ নানা বিষয় গুরুত্ব পায়। উপাচার্য এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার করেন।
এদিন বিকাল ৫টায় চবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া একই দিনে সকাল থেকে উপাচার্য দপ্তরে বিভিন্ন বিভাগ, আবাসিক হল, প্রশাসনিক দপ্তর ও ছাত্রসংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
