প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম
অর্থসংকটে মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা। তাঁর আর্থিক সহায়তায় অবশেষে ভর্তি সম্পন্ন করতে পেরেছেন ওই শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসে ভর্তির জন্য প্রয়োজনীয় এককালীন অর্থ নিজ হাতে তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন। এর মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্সে ভর্তি সম্পন্ন করেন সুমাইয়া আক্তার (ছদ্মনাম)।
জানা গেছে, সুমাইয়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের একটি বিভাগের ২০২০-২১ সেশনের স্নাতক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে থাকেন। নানা প্রতিকূলতার মধ্যেও স্নাতক সম্পন্ন করলেও মাস্টার্সে ভর্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অনটন।
এদিকে, সম্প্রতি তার বিভাগের মাস্টার্স ভর্তির সময়সীমা শেষের দিকে চলে আসে। প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিষয়টি জানতে পেরে শাওন ওই ছাত্রীর পাশে দাঁড়ান এবং তার ভর্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করেন।
এ বিষয়ে মো. নাছির উদ্দিন শাওন বলেন, “একজন সাধারণ শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়াতে পারাটা আমার জন্য কোনো কৃতিত্বের বিষয় নয়, বরং এটি আমার দায়িত্ব। আমি এই ব্যাপারটা কখনো মেনে নিতে পারি না যে, আর্থিক সংকটের কারণে কারো শিক্ষাজীবন ব্যাহত হবে।
‘‘বরং ছাত্রনেতা হিসেবে আগামীতে আল্লাহ যদি আমাকে আরও সামর্থ্য দেন, তবে সরকারের সহযোগিতা নিয়ে সকল প্রতিষ্ঠানে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ বৃদ্ধির চেষ্টা করব। আমি বিশ্বাস করি, আমাদের এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।’’
