প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম
শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ‘বার্তা’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসমূহে সংশ্লিষ্ট সকলের কার্যকর অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলাসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট ও দপ্তর প্রধানরা।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, আমাদের এক বছরের সাফল্য, সংগ্রাম, স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি হচ্ছে এই বার্তা। এটি আমাদেরকে অতীতের দিকে তাকাতে শেখায়, বর্তমানকে মূল্যায়ন করতে উদ্বুদ্ধ করে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জোগায়। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমরা যে সফলতা অর্জন করতে পারব তা শুধু আমাদের বিশ্ববিদ্যালয়কেই নয়, পুরো দেশের কৃষি উন্নয়নকে এগিয়ে নিতে সহায়তা করবে।
