বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --

চবির উপাচার্যের সঙ্গে চাকসুর মতবিনিময়, শাটল সমস্যার সমাধানে উদ্যোগ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বিদ্যমান সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টায় উপাচার্য দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শাটল ট্রেনসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরে চাকসুর প্রতিনিধিরা। নতুন ট্রেন সংযোজন, ডাবল লাইন স্থাপন, শিডিউল বিপর্যয় নিরসন, নিরাপত্তা জোরদার এবং বগি সংখ্যা বৃদ্ধি—এসবসহ মোট ১১টি বিষয়ে আলোচনা হয়।

সভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সমস্যাগুলোর সমাধানে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি দ্রুত সময়ের মধ্যে শাটল ট্রেনের বগি বৃদ্ধি বিষয়ে বাংলাদেশ রেলওয়েকে চিঠি দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই বৈঠক করা হবে বলেও জানান।

মাননীয় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য শাটল ট্রেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতোমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছি। তারা অতি শীঘ্রই বিদ্যামান ছোটখাটো সমস্যাগুলো সমাধান করবেন বলে জানিয়েছেন। আর কিছু বিষয় সমাধান করতে দীর্ঘমেয়াদী সময় লাগবে। আমরা সেগুলো নিয়েও কাজ করছি। শিক্ষার্থীদের সেবা দিতে আমরা বদ্ধপরিকর। মাননীয় উপাচার্য সবাইকে ধন্যবাদ জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমানসহ প্রতিনিধিরা সভায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা উন্নয়নে শাটল ট্রেন ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!