প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশ ও অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির দাবিতে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছে শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন একটি শিক্ষক প্রতিনিধি দল।
স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো অবহেলিত ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। গত ৮ সেপ্টেম্বর ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং এমপিও সংক্রান্ত নীতিমালা ২০২৫’ গেজেট আকারে প্রকাশিত হয়। এর আলোকে ২৬ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে এমপিও আবেদন নেওয়া হয়।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী এমপিও কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার কথা বলা হয়েছিল। এতে নীতিমালা ২০২৫ অনুযায়ী যোগ্য প্রতিষ্ঠান নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু গত ৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নতুন নির্দেশনা আসে— যেখানে বলা হয়, এমপিও দিতে হবে ২০১৮ সালের নীতিমালা অনুযায়ী, জেলা প্রশাসকের প্রতিবেদন যাচাই করে। এই সিদ্ধান্তে শিক্ষকরা হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
শিক্ষকরা জানান, ইতিমধ্যে সব যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে এবং ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার তালিকা প্রস্তুত। এখন শুধু গেজেট প্রকাশ ও এমপিও ঘোষণা বাকি। তারা দ্রুত এই তালিকা প্রকাশ ও অনুদানবিহীন মাদরাসাগুলোর এমপিওকরণের দাবি জানান।
স্মারকলিপিতে আরও বলা হয়, গত ১৩ অক্টোবর থেকে শিক্ষকরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। টানা ২৮ দিন আন্দোলনের পরও সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় ১০ নভেম্বর দুপুর ২টা থেকে অনশন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শিক্ষকরা সরকারের প্রতি আহ্বান জানান, বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিতে, যাতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা ন্যায্য প্রাপ্য এমপিও সুবিধা পেতে পারেন।
