রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

প্রতীকী ছবি

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপানো এবং বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে।

গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের চিঠির নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যবই ছাপানো, বাঁধাই ও সরবরাহের কাজ চলমান রয়েছে। এ তালিকায় ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি এবং ব্রেইল পাঠ্যবই অন্তর্ভুক্ত রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর কাছে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। তাই এ কার্যক্রম যেন নির্বিঘ্নে ও যথাসময়ে সম্পন্ন করা যায়, সে জন্য সংশ্লিষ্ট কাজের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি বলে চিঠিতে জানানো হয়েছে।

এনসিটিবির নির্দেশনায় বলা হয়েছে, বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো ধরনের নোট, গাইড কিংবা অনুশীলনমূলক সহায়ক বই ছাপানো ও বাঁধাই করা যাবে না।

নির্দেশনাটি কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে এনসিটিবি। পাশাপাশি দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Link copied!