মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬ -- : -- --

রাবিতে অধ্যাপক এম আবদুল হামিদকে নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রয়াত অধ্যাপক এম আবদুল হামিদের জীবন, কর্ম ও দর্শনচর্চা নিয়ে ‘প্রফেসর এম আবদুল হামিদ: এক দার্শনিক মনীষার পথ পরিক্রমা’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামসহ অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। সম্মাননীয় অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক মোতাছিম বিল্যাহ। স্মারকগ্রন্থের সম্পাদক অধ্যাপক মো. আক্তার আলী গ্রন্থপরিচিতি তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন অধ্যাপক এম আবদুল হামিদের কন্যা অধ্যাপক শারমিন হামিদ এবং বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক শামীমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক অধ্যাপক মো. রোকনুজ্জামান।

তিনটি অধ্যায়ে সাজানো স্মারকগ্রন্থটিতে অধ্যাপক হামিদের ব্যক্তিত্ব, জীবন ও কর্ম নিয়ে নয়টি অপ্রকাশিত প্রবন্ধ স্থান পেয়েছে। পাশাপাশি তাঁর পঠন-পাঠনের ক্ষেত্র সমকালীন নীতিবিদ্যা ও বিশ্লেষণী দর্শন বিষয়ে রয়েছে সাতটি একাডেমিক প্রবন্ধ। গ্রন্থটিতে বেশ কিছু আলোকচিত্রও সংযোজন করা হয়েছে।

অনুষ্ঠানে অধ্যাপক হামিদের পরিবারের সদস্য, সাবেক উপাচার্য অধ্যাপক মো. মামনুনুল কেরামত, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সি এম মোস্তফা, দর্শন বিভাগের অধ্যাপক মহেন্দ্রনাথ অধিকারী, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অধ্যাপক এম আবদুল হামিদ ১৯৪৩ সালের ৩০ জুন তৎকালীন বরিশাল জেলার বর্তমান পটুয়াখালীর মির্জাগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ এবং ১৯৮২ সালে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৯০ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

দীর্ঘ কর্মজীবনে তিনি দর্শন বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ছাপাখানার প্রশাসক, রাকসুর কোষাধ্যক্ষ এবং দর্শন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁর তত্ত্বাবধানে চারটি এমফিল ও সাতটি পিএইচডি গবেষণা সম্পন্ন হয়। তাঁর ছয়টি গ্রন্থ এবং ২৭টি গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে প্রকাশিত হয়েছে।

পরানীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, তুলনামূলক ধর্মীয় নীতিবিদ্যা, মুসলিম দর্শন ও বিশ্লেষণী দর্শন ছিল তার পঠন-পাঠন ও গবেষণার ক্ষেত্র। ২০২১ সালের ১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন মির্জাপুরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে তাকে দাফন করা হয়।

Link copied!