মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬ -- : -- --

যবিপ্রবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবি থেকে মোঃ মাহিদুল হাসান নাইম

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এফবি বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগটির আয়োজনে অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের সঠিক পথ ও সততা অবলম্বনের আহবান জানিয়ে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “জীবনে সফল হতে হলে সত্য ও সঠিক পথ বেছে নিতে হবে। কর্মজীবনে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের বাসস্থান, যেখানে নানা ধরনের অভিজ্ঞতা ও পথের সম্মুখীন হতে হয়; সেখান থেকে সঠিক পথ বেছে নেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত তোমাদের। তিনি আরও বলেন, স্বল্প সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, এ তিনটি বিষয়ে প্রশাসন অনড় এবং সবার সহযোগিতা কামনা করেন।”

শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগের চেয়ারম্যান এ. এইচ. এম শাহরিয়ার বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে পরিবর্তনশীল চাকরির বাজারের চাহিদা বিবেচনায় আধুনিক প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

তিনি মনে করেন, প্রচলিত আর্থিক জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা ও বৈশ্বিক আর্থিক প্রবণতা সম্পর্কে সম্যক ধারণা অর্জনই শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে এগিয়ে রাখবে।

বিভাগীয় চেয়ারম্যান এ. এইচ. এম. শাহারিয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, এফবি বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস, মো. শাহনুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে এফবি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এফবি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Link copied!