প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
তরুণ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা সরকারি প্রণোদনা এবং আরও ১০ লাখ টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। অর্থাৎ একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং অর্থায়নের সুযোগ সম্পর্কে অবহিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার আয়োজন করে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক প্রচারণামূলক এ কর্মশালায় প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেন।
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। এ ছাড়া কুমিল্লা অঞ্চলের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারাও কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় উদ্যোক্তা হওয়ার যোগ্যতা, ব্যবসায়িক ধারণা ও উদ্যোগের ধরন, অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া, আবেদনের নিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকঋণ গ্রহণ ও পরিশোধের নিয়মাবলি তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীরা ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘একটি দেশের প্রাণ হচ্ছে তরুণরা। তরুণদের দক্ষ জনশক্তি ও মানবসম্পদে রূপান্তর করতে পারলে তাঁদের নেতৃত্বেই একদিন দেশের অর্থনীতি উন্নত হবে। একজন তরুণ পড়াশোনা শেষ করার পরপরই চাকরির পেছনে ছোটেন। সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করতে গিয়ে কর্মজীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট হয়।’
তিনি আরও বলেন, ‘যাঁরা কাজ করবেন, তাঁদের সম্মান ও মূল্যায়ন করতে হবে। কেউ কাজ না করে অলস সময় কাটালে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার প্রবণতা তৈরি হতে পারে। সর্বোপরি, একজন উদ্যোক্তার জন্য আর্থিক সহযোগিতা পাওয়ার পথ আরও সহজ করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভিশন নিয়ে সরকার পরিচালনা করছেন, তার অন্যতম মৌলিক লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি। বেকারত্ব দেশের অর্থনীতিকে শিথিল করে দেয়। গতকাল একটি সংবাদে দেখেছি, বাংলাদেশে প্রায় ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার রয়েছেন। একজন শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব হলো গ্র্যাজুয়েটদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং চাকরিদাতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।’
বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘যারা উদ্যোক্তা হবেন, তাদের আমরা ক্যাম্পাসে বিনা ভাড়ায় জমি দেব। এ ছাড়া নতুন ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা, ওয়াটার প্ল্যান্ট স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ও ব্যবসা চালুর সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।’
সভায় উপস্থিত বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকদের উদ্দেশে উপ-উপাচার্য আরও বলেন, ‘শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথে অন্যতম প্রধান বাধা চক্রবৃদ্ধি হারে সুদ। ঋণের সুদ যেন সহজলভ্য ও সহনীয় হয়, সে বিষয়ে আপনাদের প্রতি আহ্বান জানাই।’
সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দিন বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে দেশের তরুণ-তরুণীদের স্বাবলম্বী।
