ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম
মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬ -- : -- --
ছবি: ক্যাম্পাস রিপোর্ট
একজন আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষাবিদ ও সফল প্রশাসক হিসেবে শিক্ষাঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন প্রফেসর তপন কান্তি ধর। তার কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে শোকসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে বিভাগের মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদা আলমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক সুজিত চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
শোকসভায় বক্তারা প্রফেসর তপন কান্তি ধরের দীর্ঘ শিক্ষকতা জীবন, পেশাগত দক্ষতা ও ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন শিক্ষার্থীদের কাছে আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক। এমসি কলেজের রসায়ন বিভাগের অগ্রযাত্রায় তাঁর অবদান এবং অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে তাঁর ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তার সমসাময়িক সহকর্মী ও এমসি কলেজ রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর রণধীর দত্ত, বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও জকিগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবির, সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য এবং এমসি কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর শাহ বদরুল আলম ও প্রফেসর মোহাম্মদ ইসলাম উদ্দিন।
এছাড়া কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও সার্ক ইন্টারন্যাশনাল কলেজ, সিলেটের অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক, যুগ্ম আহ্বায়ক স্বপন কুমার রায় এবং পুলিশ ইন্সপেক্টর ও যুগ্ম আহ্বায়ক দেবাংশু পাল।
বক্তারা আরও বলেন, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য তার শিক্ষার্থীদের অর্জন ও তাদের জীবনে রেখে যাওয়া আদর্শের মধ্যেই প্রতিফলিত হয়। প্রফেসর তপন কান্তি ধর তাঁর কর্ম ও নিষ্ঠার মধ্য দিয়ে সেই দৃষ্টান্ত রেখে গেছেন। রসায়ন বিভাগের উন্নয়ন এবং শিক্ষা প্রশাসনে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। পরে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। শোকসভায় রসায়ন বিভাগের শিক্ষক, কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন বর্ষের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।