প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে ইনকোর্স পরীক্ষা ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময়সীমাও বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। আর ইনকোর্স ও উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রি করা যাবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ চলবে ২৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ফরম পূরণের পর তথ্য এন্ট্রি নিশ্চিত করার জন্য ১৪ ও ১৫ ডিসেম্বর সময় দেওয়া হয়েছে। এ কার্যক্রম ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে।
পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
অন্যদিকে, অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁরাও এ সময়ের মধ্যে নম্বর এন্ট্রির সুযোগ পাবেন।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগে ভুলভাবে এন্ট্রি করা ইনকোর্সের নম্বর নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করা যাবে। তবে কোনো শিক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি না করা হলে ফরম পূরণের সম্ভাব্য তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হবে না।
সময় বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি আগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে।
