প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ উপলক্ষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের ডিন ড. খন্দকার জাহাঙ্গীর আলম, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার, অধ্যাপক ড. ফারজানা ইসলাম রুমি, ড. জাকিউল হাসান জিহাদ, ড. ওয়াহেদুল করিম আনসারি, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের শিক্ষক ও পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিন, প্যাথোলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহ আলম, অধ্যাপক ড. শিব শংকর সাহা, সহকারী অধ্যাপক মো. মামুনুর রশিদ, বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদ রিয়াদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বর্তমানে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে। অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত ব্যবহারের ফলে জীবাণু এসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা অর্জন করছে, যা সংক্রমণের চিকিৎসাকে জটিল করে তুলছে। এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য, প্রাণিসম্পদ, কৃষি ও পরিবেশসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এ লক্ষ্যে প্রতি বছর ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ পালন করা হয়।
র্যালি পরবর্তী বক্তব্যে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার বলেন, “অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক সমস্যা। বর্তমানে চিকিৎসা, কৃষিকাজ, খামারসহ বিভিন্ন ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহার এ সমস্যার অন্যতম প্রধান কারণ। তবে এ সমস্যা মোকাবিলায় শুধু বায়োসেফটি বা বায়োসিকিউরিটির ওপর নির্ভর না করে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।”
এএনএসভিএম অনুষদের ডিন ড. খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, “অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারের ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বাড়ছে, যা দিন দিন বৈশ্বিক সমস্যায় পরিণত হচ্ছে। এএমআর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এই সমস্যা সমাধানের অন্যতম প্রধান উপায়।”
বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ সামিন বলেন, “অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী এখনো এএমআর সম্পর্কে অসচেতন। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ে এ ধরনের আরও কর্মসূচি আয়োজন করা উচিত।”
