মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬ -- : -- --

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

সংগৃহীত

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭-এ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিকালে রাবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে দুই দল গোল করতে না পারায় তাদের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় দুই দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ৯ দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশ নেয়।

ফাইনাল উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক, রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতার সাংগঠনিক ও অভ্যর্থনা কমিটির সভাপতি এবং রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৯টি দল অংশ নেয়। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

Link copied!