বুধবার ২৫, নভেম্বর ২০২৬

বুধবার ২৫, নভেম্বর ২০২৬ -- : -- --

শাবিপ্রবিতে ‘ইকোনমিকস উইথ জ্যাস্প’ বইয়ের মোড়ক উন্মোচন

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

অর্থনীতির তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও তথ্য-বিশ্লেষণভিত্তিক দক্ষতা বিকাশের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের (শাবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘ইকোনমিকস উইথ জ্যাস্প: লার্নিং ইকোনমিক থিওরি অ্যান্ড ডেটা অ্যানালাইসিস’ শীর্ষক একটি শিক্ষামূলক বই।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজালের তত্ত্বাবধানে বইটির সহলেখক হিসেবে রয়েছেন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ঐশী দাস তন্বী, ২০১৯-২০ শিক্ষাবর্ষের আদিবা তাবাসসুম আলভী, অপু চন্দ্র দাশ ও ঋতুপর্ণা দাশ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. জাহেদুর রহমান চৌধুরী।

বইটিতে প্রচলিত অর্থনৈতিক তত্ত্ব ও ধারণার পাশাপাশি বাস্তব জীবনের তথ্য-উপাত্ত ব্যবহার করে অর্থনৈতিক বিশ্লেষণের বিভিন্ন ব্যবহারিক পদ্ধতি তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণকে আরও সহজবোধ্য ও কার্যকর করতে ‘জ্যাস্প’ নামের একটি ব্যবহারবান্ধব পরিসংখ্যান বিশ্লেষণ সফটওয়্যারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

সাধারণত অর্থনীতির শিক্ষার্থীরা পাঠ্যক্রমে বিভিন্ন তত্ত্ব ও গাণিতিক ধারণা সম্পর্কে জানলেও বাস্তব তথ্য-উপাত্ত ব্যবহার করে সেগুলোর প্রয়োগ শেখার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। বিশেষ করে তথ্য বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহারে প্রাথমিক পর্যায়ে অনেকের জটিলতা তৈরি হয়। বইটিতে তাত্ত্বিক আলোচনা ও ব্যবহারিক প্রয়োগের সমন্বয়ের মাধ্যমে সেই ব্যবধান ঘোচানোর চেষ্টা করা হয়েছে।

বইটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল বলেন, অর্থনীতির প্রধান ও অপ্রধান বিষয়ের শিক্ষার্থীদের পাশাপাশি গবেষণায় আগ্রহী ব্যক্তি এবং অর্থনীতি ও তথ্য বিশ্লেষণ শিখতে আগ্রহী সাধারণ শিক্ষার্থীরাও বইটি থেকে উপকৃত হবেন। সহজ উপস্থাপনা ও ব্যবহারিক দিকনির্দেশনার মাধ্যমে অর্থনৈতিক জ্ঞানকে বাস্তব জীবনের তথ্য বিশ্লেষণের সঙ্গে যুক্ত করাই বইটির অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্টদের আশা, অর্থনীতি শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও গবেষণাভিত্তিক দক্ষতা অর্জনে বইটি শিক্ষার্থী ও নবীন গবেষকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

Link copied!