রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যত নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

প্রতীকী ছবি

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য পৃথক নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত বুধবার (১১ নভেম্বর) ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) জারি করা এসব নীতিমালায় ভর্তি পদ্ধতি, আবেদনপ্রক্রিয়া, পরীক্ষার মানবণ্টন, ফি এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা

নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর পূর্ণ হতে হবে, তবে সাত বছর পূর্ণ হওয়া যাবে না। বয়স যাচাইয়ের জন্য আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমার বাইরে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিদ্যালয়ের শিক্ষাবর্ষ চলবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রবেশ শ্রেণিতে এবং আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নেওয়া যাবে।

সরকারি স্কুলে আবেদন ও ভর্তি পদ্ধতি

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন, ফি গ্রহণ, ফল প্রক্রিয়াকরণ ও প্রকাশের কাজ অনলাইনে সম্পন্ন হবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনে একজন শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি সরকারি বিদ্যালয়ের নাম দিতে পারবে। কোনো বিদ্যালয়ে দুই পালা থাকলে উভয় পালাকে পছন্দ হিসেবে নির্বাচন করলে তা দুটি বিদ্যালয়ের পছন্দ হিসেবে গণ্য হবে। তবে একই বিদ্যালয়ে একাধিক আবেদন করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সব আবেদন বাতিল করা হবে।

প্রথম শ্রেণির ভর্তি লটারি কেন্দ্রীয়ভাবে আয়োজন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। লটারিতে নির্বাচিতদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকাও তৈরি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী নেওয়া হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রেও নির্বাচিতদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকা রাখতে হবে।

বেসরকারি স্কুলে ভর্তি যেভাবে

বেসরকারি বিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করা হবে। একই ক্যাচমেন্ট এলাকার একাধিক প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা যেন একই দিনে না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সময়সূচি ঠিক করতে হবে।

প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে। নির্বাচিতদের পাশাপাশি সমসংখ্যক অপেক্ষমাণ শিক্ষার্থীর তালিকাও প্রস্তুত রাখতে হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুসারে ভর্তি করতে হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচন করতে হবে।

বেসরকারি বিদ্যালয়ের লিখিত পরীক্ষায় অংশ নিতে আবেদন ফরম সংগ্রহ করা যাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যালয় থেকে। বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থাকলে সেখান থেকেও ফরম নেওয়া যাবে। ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে।

ভর্তি পরীক্ষার মানবণ্টন

সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনে কিছু পার্থক্য রয়েছে। সরকারি বিদ্যালয়ে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।

সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ থাকবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা। অন্যদিকে, বেসরকারি বিদ্যালয়ে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে। এ ক্ষেত্রে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। বেসরকারি বিদ্যালয়ে চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।

আবেদন ফি ও ভর্তি খরচ

সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে অনলাইনে আবেদনের ফি সর্বোচ্চ ১১০ টাকা। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে এ ফি সর্বোচ্চ ২৫০ টাকা। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করতে হবে।

বেসরকারি বিদ্যালয়ের নীতিমালায়ও প্রথম শ্রেণিতে অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে সর্বোচ্চ ২৫০ টাকা উল্লেখ করা হয়েছে। তবে একই নীতিমালার পরবর্তী একটি ধারায় ঢাকা মহানগরীসহ এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব প্রতিষ্ঠানে ভর্তি আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২০০ টাকা নেওয়ার কথা বলা হয়েছে। ফলে আবেদন ফরমের মূল্য নিয়ে নীতিমালার দুটি ধারায় ভিন্ন অঙ্ক উল্লেখ রয়েছে।

বেসরকারি বিদ্যালয়ে সেশন চার্জসহ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এলাকাভিত্তিক। মফস্‌সল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় এক হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় সর্বোচ্চ তিন হাজার টাকা নেওয়া যাবে।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নেওয়া যাবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ সর্বোচ্চ আট হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার নির্দেশনা রয়েছে।

উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে উঠলে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ফি মওকুফের ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।

আবেদনের সময়সূচি কবে জানা যাবে

সরকারি ও বেসরকারি-কোনো নীতিমালাতেই ভর্তি আবেদনের নির্দিষ্ট শুরুর ও শেষ তারিখ উল্লেখ করা হয়নি। সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকা মহানগরী ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে আবেদন করতে হবে। অন্যদিকে, বেসরকারি বিদ্যালয়গুলো নিজস্ব বিজ্ঞপ্তির মাধ্যমে ফরম বিতরণ, জমা এবং ভর্তি পরীক্ষার তারিখ জানাবে।

তাই আবেদন শুরুর ও শেষ তারিখ, ভর্তি পরীক্ষা এবং ফল প্রকাশের সময় জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

ভর্তি নীতিমালা দেখুন:
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৭ (সংশোধিত)
- বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭

Link copied!