রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী চাঁদ, থাকবে বড়দিন পর্যন্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে নতুন একটি ক্ষুদ্র গ্রহাণু। ২০২৬ কিউকিউ৮ (2026 QQ8) নামের বস্তুটিকে ‘মিনি-মুন’ বা ক্ষুদ্র চাঁদ হিসেবে উল্লেখ করছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, আগামী বড়দিন পর্যন্ত এটি পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে। এরপর ২০২৭ সালের শুরুতে পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব কাটিয়ে আবার মহাকাশে চলে যাবে গ্রহাণুটি।

গত আগস্টে প্রথমবারের মতো ২০২৬ কিউকিউ৮ শনাক্ত করেন বিজ্ঞানীরা। তবে হিসাব অনুযায়ী, এটি গত এপ্রিলেই পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছিল। ২৯ অক্টোবর বৃহস্পতিবার আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার (আইএইউ) মাইনর প্ল্যানেট সেন্টার বস্তুটির আবিষ্কারের তথ্য প্রকাশ করে।

বিজ্ঞানীরা এর কক্ষপথ বিশ্লেষণ করে জানিয়েছেন, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ২০২৬ কিউকিউ৮-এর সময় লাগে ৩৫৯ দিন। অর্থাৎ পৃথিবীর এক বছরের তুলনায় সময়টি প্রায় ২ শতাংশ কম। প্রায় প্রতি ১০ বছর পরপর গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসে। তবে এবার পৃথিবীর এতটা কাছে চলে এসেছে যে গ্রহের মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে।

পৃথিবী থেকে কত দূরে থাকবে ক্ষুদ্র চাঁদটি?

মাইনর প্ল্যানেট সেন্টারের তথ্য অনুযায়ী, পৃথিবীর সঙ্গে অবস্থানকালে ২০২৬ কিউকিউ৮-এর সর্বনিম্ন দূরত্ব হবে প্রায় ৩ লাখ ৫৩ হাজার মাইল বা ৫ লাখ ৬৮ হাজার কিলোমিটার।

অন্যদিকে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় ২ লাখ ৩৮ হাজার ৯০০ মাইল বা ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। সেই হিসাবে, নতুন এই ক্ষুদ্র চাঁদটি পৃথিবী থেকে আমাদের পরিচিত চাঁদের গড় দূরত্বের চেয়ে প্রায় ১ লাখ ১০ হাজার মাইল বা ১ লাখ ৭৭ হাজার কিলোমিটার বেশি দূরে থাকবে।

গ্রহাণুটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষের আশঙ্কা নিয়ে উদ্বেগের কারণ নেই বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ, এর ব্যাস মাত্র প্রায় ৬ ফুট বা ২ মিটার। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই এটি সম্পূর্ণ পুড়ে বা ভেঙে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পৃথিবীর অস্থায়ী উপগ্রহ নতুন কিছু নয়

পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়া ক্ষুদ্র মহাজাগতিক বস্তু আগেও শনাক্ত হয়েছে। এগুলোকে স্থায়ী প্রাকৃতিক উপগ্রহ চাঁদের মতো বিবেচনা করা হয় না। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এগুলো ‘টেম্পোরারি স্যাটেলাইট’ বা অস্থায়ী উপগ্রহ হিসেবে পরিচিত।

গত বছর প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছিল, যেকোনো সময়ে পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে সর্বোচ্চ ছয়টি ক্ষুদ্র চাঁদ। এসব অস্থায়ী উপগ্রহের অনেকগুলোই পৃথিবীর স্থায়ী প্রাকৃতিক উপগ্রহ চাঁদের ভেঙে যাওয়া অংশ হতে পারে।

আকারের দিক থেকে ২০২৬ কিউকিউ৮ সাধারণ অস্থায়ী উপগ্রহের তুলনায় বড়। চলতি বছরের শুরুর দিকে বিজ্ঞানীদের একটি মডেলিংয়ে দেখা গেছে, এ ধরনের উপগ্রহের গড় ব্যাস প্রায় ৭৫ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি।

ওই গবেষণায় আরও বলা হয়েছে, এ ধরনের মহাজাগতিক বস্তু সাধারণত গড়ে প্রায় নয় মাস পৃথিবীর কক্ষপথে অবস্থান করে। ২০২৬ সালের এপ্রিলে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ার পর এই হিসাব অনুযায়ী, ২০২৬ কিউকিউ৮-এর ২০২৭ সালের জানুয়ারিতে পৃথিবীর কক্ষপথ ছেড়ে যাওয়ার কথা।

গবেষকদের মতে, পৃথিবী যদি প্রায় ১০ ফুট বা ৩ মিটার চওড়া কোনো মহাকাশীয় পাথরকে নিজের মহাকর্ষীয় আকর্ষণে আটকে রাখতে পারে, তাহলে সেটি ১০ থেকে ২০ বছর পর্যন্ত ক্ষুদ্র চাঁদ হিসেবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে সক্ষম হতে পারে।

তথ্যসূত্র: স্পেস

Link copied!