প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
শাহিদুল ইসলাম, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান-২০২৬ আয়োজন করেছে জয়পুরহাট জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন। উৎসবমুখর পরিবেশে শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সৈয়দ কামালুর রশিদ তপন, হালিশহর সিএসডির ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান, যমুনা ব্যাংক পিএলসি আগ্রাবাদ শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এস. আর. প্রাইম ওসিয়ান ট্রেড লিমিটেডের মো. হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের বায়েজিদ থানার এসআই আরিফুল ইসলাম এবং কাজী মাসুদ।
এ ছাড়া সংগঠনের ছাত্র উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. ফয়সাল সোহাগ, মো. হামীম মোত্তাসিম, শয়ন মিনজি ও রাব্বিউল হাসান শান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের দক্ষতা বিকাশের আহ্বান জানান। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয় জীবন কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এ সময় নিজেকে দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়। এ ছাড়া জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্য ধরে রাখতে এ ধরনের সংগঠনের ভূমিকার প্রশংসা করেন তাঁরা।
সংগঠনের সভাপতি সুদীপ্ত সরকার তন্ময় বলেন, জয়পুরহাটের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখাই অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্য। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি জেলার সুনাম ও মর্যাদা বাড়াতে ভবিষ্যতেও বিভিন্ন ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ সম্পাদক সজীব কুমার বলেন, সংগঠনটি কেবল একটি ছাত্রসংগঠন নয়; এটি জয়পুরহাটের শিক্ষার্থীদের ভালোবাসা, ঐক্য ও শেকড়ের টানে গড়ে ওঠা একটি পরিবার। নবীন শিক্ষার্থীদের মেধা ও সক্রিয় অংশগ্রহণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। অন্যদিকে বিদায়ী শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অবদান পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এ সময় তিনি অনুষ্ঠানে সহযোগিতার জন্য অতিথি, শিক্ষক, উপদেষ্টামণ্ডলী ও সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
