প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তৃতীয় শ্রেণির কর্মচারীদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ এবং ‘বেসিক মাইক্রোসফট অফিস’ শীর্ষক দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং সংস্থাপন শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. নাজমুল। ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ কোর্সের কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন অধ্যাপক ড. এ. কে. এম. রফিকুল ইসলাম ও ড. মুহাম্মদ হুমায়ুন কবির এবং ‘বেসিক মাইক্রোসফট অফিস’ কোর্সের কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ড. মো. মোজাম্মেল হক ও ড. মো. সবুজ রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, 'এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করবেন, তা শুধু আমাদের এই বিশ্ববিদ্যালয়েই নয়; বরং ভবিষ্যতে অন্য যেকোনো প্রতিষ্ঠানেও আপনাদের যোগ্যতা প্রমাণে সহায়ক হবে। পাশাপাশি আমি জানাতে চাই, বিশ্ববিদ্যালয়ের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা অবকাঠামোগ উন্নয়ন করে যাচ্ছি। ভবিষ্যতে জিটিআইতে একটি বড় ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রশিক্ষণার্থীদের আবাসন ও ক্লাসের সব আধুনিক সুবিধা থাকবে। আপনারা কোনো ধরনের ফাঁকি না দিয়ে মনোযোগসহকারে ক্লাস করবেন বলে আশা রাখছি।'
উল্লেখ্য, দুটি প্রশিক্ষণ কর্মশালায় মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। ২২ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ কার্যদিবস চলবে।
